চোখে লেগে থাকার মতো দুটি ক্যাচ!
মেহেদী হাসান মিরাজের টার্ন করে বেরিয়ে যাওয়া বল ছুঁয়ে গেল জন ক্যাম্পবেলের ব্যাট। স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচটা নিলেন নাজমুল হোসেন।
নাজমুলের ওই ক্যাচ ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩১তম ওভারে, পরের ক্যাচটি ৩৬তম ওভারের দ্বিতীয় বলে। বোলার এবার তাইজুল ইসলাম, ভেতরে ঢোকা বলে সিলি পয়েন্টে কাবেম হজের সহজ ক্যাচটা নিলেন মুমিনুল হক। দেখতে সহজ, আসলে ত্বরিত প্রতিক্রিয়া না দেখালে সিলি পয়েন্টে কোনো ক্যাচই সহজ নয়।
বৃষ্টিবিঘ্নিত দিনের শেষ সেশনের এই দুই দারুণ ক্যাচের কারণেই মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটাকে পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের বলার উপায় নেই। নইলে দিনের প্রথম সেশনে ৭ উইকেট হারিয়ে যেভাবে হুড়মুড় করে ভেঙে পড়ে ঝড়ের বেগে শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস; স্বাগতিকদের তা কোনো শুভদিনের বার্তা দেয়নি।
গতকাল প্রথম দিন শেষে ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের আশাবাদ ছিল প্রথম ইনিংসে অন্তত চার শ রান করার। সেখানে আজ এক সেশন ব্যাট করে লাঞ্চের আগেই ২৭২ রানে অলআউট হয়ে যাওয়া কতটা হতাশাজনক হতে পারে, তা তো বুঝতেই পারছেন। ব্যাপারটা আরও ভালোভাবে বুঝবেন এই দুটি তথ্য থেকে—বাংলাদেশ আজ শেষ ৭ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৫৯ রান, শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ১৯ রানে।